বিএনপি-জামায়াতে টানাপোড়েন, আসন ভাগাভাগিতে অচলাবস্থা
নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী এখন টানাপোড়েনের মধ্যে রয়েছে। নানা ইস্যুতে এ দূরত্ব তৈরি হলেও প্রধান বিষয় হলো আসন ভাগাভাগি ও নির্বাচন পদ্ধতি।
বিএনপি ফেব্রুয়ারিতে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তবে জামায়াতে ইসলামী বলছে, ভোট হতে হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে।
আগের নির্বাচনগুলোতে বিএনপি-জামায়াত একসঙ্গে অংশ নিলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তা হবে কিনা এখনও অনিশ্চিত। আসন বণ্টন নিয়ে চলছে আলোচনা ও মতবিরোধ।
কলকাতার বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টি আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটি প্রস্তাব দিয়েছিলাম, যা তাদের মনঃপুত হয়নি।”
তিনি আরও বলেন, “জামায়াত যত বড় শক্তি নয়, তার চেয়ে বেশি গুরুত্ব আমরা দিয়েছি। আসলে দেশের মানুষ ভোট চাইছে, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও নির্বাচন চাইছেন। ফেব্রুয়ারিতেই ভোট হবে। উৎসবের মতোই হবে নির্বাচন।”
জামায়াতের দাবি সত্ত্বেও ফখরুল স্পষ্ট করে বলেন, “পিআর-টিআর নয়, বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হবে। জামায়াতও শেষ পর্যন্ত অংশ নেবে।”
এ সময় তিনি আরও দাবি করেন, এনসিপি কখনো আসন চায়নি। তাদের লক্ষ্য শুধু বিএনপিকে সরকার গঠনের পথে বাধা দেওয়া।