অ্যাশেজের জন্য ইংল্যান্ডের ১৬ সদস্যের দল ঘোষণা, সহ-অধিনায়ক হ্যারি ব্রুক
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। মঙ্গলবার প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ঘোষিত দলে টেস্ট সহ-অধিনায়ক করা হয়েছে মিডল অর্ডারের ব্যাটার হ্যারি ব্রুককে। ফলে আগের সহ-অধিনায়ক ওলি পোপের জায়গায় তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটসম্যান জ্যাকব বেথেল।
দলে এসেছে বেশ কয়েকটি চমক। এর মধ্যে সবচেয়ে বড় চমক স্পিন অলরাউন্ডার উইল জ্যাকসের অন্তর্ভুক্তি। প্রায় তিন বছর আগে পাকিস্তান সফরে ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট খেলার পর এবার তিনি ফিরলেন শোয়েব বশিরের ব্যাকআপ স্পিনার হিসেবে। এ কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার লিয়াম ডসন, রেহান আহমেদ ও জ্যাক লিচ।
এছাড়া হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার মার্ক উড। দলের ছয় পেসারের মধ্যে একমাত্র তিনিই যিনি আগে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।