ওভিয়েদোকে হারিয়ে অপরাজিত ধারা ধরে রাখল বার্সেলোনা
লা লিগায় রিয়াল ওভিয়েদোর মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই ফিরল বার্সেলোনা। শনিবার রাতে কার্লোস টার্তিয়েরে স্টেডিয়ামে ৩-১ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচটিতে বাড়তি মাত্রা যোগ করেছিলেন ৪০ বছর বয়সী স্প্যানিশ তারকা সান্তি কাজোরলা। দীর্ঘদিন পর লা লিগায় শুরুর একাদশে নামেন তিনি। তার উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েই শুরুতে এগিয়ে যায় স্বাগতিক ওভিয়েদো। বার্সার গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ভুলে সুযোগ পান আলবের্তো রেইনা। দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৬ মিনিটে সমতা ফেরান এরিক গার্সিয়া। এরপর ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন রবার্ট লেভানদোস্কি। যোগ করা সময়ে কর্নার থেকে রোনাল্ড আরাউহোর হেডে ব্যবধান বাড়ায় বার্সা।
শেষ বাঁশির পর স্কোরলাইন ৩-১। এ জয়ে অপরাজিত ধারা ধরে রেখেছে কাতালানরা। লিগ টেবিলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে আছে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে।
অন্যদিকে, সমান ম্যাচে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশন জোনে, ১৮তম স্থানে আছে রিয়াল ওভিয়েদো।