শারজায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল
শারজায় ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাদের প্রথম জয় কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে তারা টি-টোয়েন্টিতে হারালেও তখন আফগানিস্তান ছিল সহযোগী সদস্য।
দিনটি নেপালের জন্য তাই একেবারেই স্মরণীয়। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামা এবং পূর্ণ সদস্য দলের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ— দুটিই বিশেষ মঞ্চ হয়ে উঠল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে জয় নিশ্চিত করল তারা।
প্রথমে ব্যাট করে নেপাল তোলে ১৪৮ রান। অধিনায়ক রোহিত পাওডেল খেলেন সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস, কুশল মাল্লা যোগ করেন ৩০ রান। শেষদিকে হোল্ডারের এক ওভারে তিন উইকেট নিলেও নেপালকে থামানো যায়নি।
জবাবে ভালো শুরু করলেও নেপালের স্পিনে জড়িয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একের পর এক উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। নেপালের নিখুঁত ফিল্ডিংও ক্যারিবীয়দের ব্যর্থতায় বড় ভূমিকা রাখে— রান আউট আর দুর্দান্ত ক্যাচে ভেঙে যায় প্রতিরোধ।
শেষ দিকে আকিল হোসেন ও ফাবিয়ান অ্যালেন কিছুটা চেষ্টা চালালেও নির্ধারিত ওভারে ১২৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১৯ রানের জয় নিয়ে নেপাল রচনা করে ইতিহাস।