ব্যাংক খাত সংস্কার: দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে একীভূতের সুপারিশ
বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকের পর এবার রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাংক একীভূতের সুপারিশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তাঁর মতে, দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না, কারণ সোনালী ব্যাংকের যথেষ্ট তারল্য রয়েছে।
গত সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এ প্রস্তাব দেন গভর্নর। বৈঠকে অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে ব্যাংকের সংখ্যা ছিল ১৮টি, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৬২টিতে। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও খেলাপি ঋণ বাড়তে থাকায় খাতটি এখন চরম সংকটে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা, যা ২০২৫ সালের মার্চ শেষে বেড়ে প্রায় ৪ লাখ কোটি টাকায় পৌঁছায়।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী, বাংলাদেশ ডেভেলপমেন্ট, বেসিক, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৩৬.৫ শতাংশ। শুধু জনতা ব্যাংকের খেলাপি ঋণই ৭০ হাজার ৮৪৬ কোটি টাকা, যা তাদের মোট ঋণের প্রায় ৭৫ শতাংশ। অগ্রণীর খেলাপি ২৯ হাজার ৭২১ কোটি, সোনালীর ১৯ হাজার ৯১ কোটি এবং রূপালীর ১৭ হাজার ১২২ কোটি টাকা।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দুর্বল ব্যাংক একীভূত হওয়ার পর নতুন প্রতিষ্ঠানকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্তভাবে পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষমতা ব্যাংক ব্যবস্থাপনার হাতে থাকতে হবে।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা মোট খেলাপির ৬৬ শতাংশ। গত এক দশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম—একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ব্যাংকের খেলাপি ঋণ তাদের প্রদত্ত ঋণের প্রায় ৭২ শতাংশ।
এ পাঁচ ব্যাংক একীভূত করতে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেবে এবং আরও ১২ হাজার কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিটরি ইনস্যুরেন্স ফান্ড থেকে। নতুন প্রতিষ্ঠানটি বেসরকারি ব্যাংকের মতো পরিচালিত হবে এবং আগামী তিন বছরের মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন