বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › পাচার হওয়া অর্থ ফেরত আসতে পারে ফেব্রুয়ারিতে: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আসতে পারে ফেব্রুয়ারিতে: অর্থ উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
পাচার হওয়া অর্থ ফেরত আসতে পারে ফেব্রুয়ারিতে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই পাচার হওয়া কিছু অর্থ দেশে ফেরত আনা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের পর নতুন সরকারও এ প্রক্রিয়া অব্যাহত রাখবে। অন্যথায় ধারাবাহিকতা না থাকলে অর্থ ফেরত আনা সম্ভব হবে না, কারণ এটি একটি আন্তর্জাতিক প্রক্রিয়া।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।


ড. সালেহউদ্দিন বলেন, অর্থ পাচারকারীরা অত্যন্ত কৌশলী। তাই টাকা ফেরত আনতে কিছুটা সময় লাগছে। তবে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং বেশ কিছু লিগ্যাল ফার্মের সঙ্গেও আলোচনা চলছে। শিগগিরই পর্যালোচনা করে জানানো যাবে কত অর্থ ফেরত আনা যাবে। এ ছাড়া কিছু পাচারকারীর সম্পত্তি জব্দ হয়েছে এবং তাদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও পাসপোর্টের তথ্য পাওয়া গেছে। এখন কেবল চূড়ান্ত পদক্ষেপ নিতে কিছুটা সময় লাগবে।


তিনি জানান, বিদেশ থেকে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সারের দাম কিছুটা কমেছে এবং মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, মজুদ থাকলেও প্রতিবেশী দেশ হঠাৎ চাল রপ্তানি বন্ধ করলে অনিশ্চয়তা তৈরি হয়।


বাজার পরিস্থিতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে, তবে সবজির দাম মৌসুমভেদে পরিবর্তিত হয়। তিনি স্বীকার করেন, বাজার ব্যবস্থাপনায় এখনও পূর্ণ সাফল্য আসেনি।


উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রকল্প আগের সরকারের সময়ে গ্রহণ করা হয়েছিল, বর্তমান সরকারের ১৪ মাসে নয়।