চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় রিয়ালের, আলমাতিকে উড়িয়ে দিল ৫-০ গোলে
দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার ভ্রমণ শেষে কাজাখস্তানের আলমাতিতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে ভ্রমণের ক্লান্তি কোনো প্রভাব ফেলেনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির পারফরম্যান্সে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে মঙ্গলবার নবীন দল কাইরাত আলমাতিকে ৫-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।
ম্যাচের শুরুতেই অবশ্য চমক দিয়েছিল স্বাগতিকরা। খেলা শুরুর মাত্র ১৩ সেকেন্ডে আলমাতির খেলোয়াড় দাস্তান সাতপায়েভের শটে কেঁপে ওঠে রিয়ালের রক্ষণভাগ। গোলরক্ষক থিবো কোর্তোয়া দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পান লস ব্লাঙ্কোরা। এক মিনিট পরই আরেকটি শট প্রতিহত করতে হয় তাকে।
তবে ২৫ মিনিটে ম্যাচের মোড় ঘোরে। রিয়ালের তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পটকিক থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছন্দে ফেরেন এমবাপ্পে। ৫২ মিনিটে কোর্তোয়ার দীর্ঘ ক্লিয়ারেন্সে আলমাতির রক্ষণ ভেঙে দ্বিতীয় গোল করেন তিনি। ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেও ৭৩ মিনিটে আর্দা গুলেরের সহায়তায় হ্যাটট্রিক পূর্ণ করেন এই বিশ্বকাপজয়ী তারকা।
শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে গোল পান তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। যোগ করা সময়ে ব্রাহিমের গোলে নিশ্চিত হয় রিয়ালের ৫-০ গোলের বড় জয়।
এদিকে গ্রুপের অন্য ম্যাচে ইতালির আতালান্তা ২-১ গোলে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে হারিয়েছে।