সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › নাজিরপুরে লোকসানে লেয়ার মুরগির খামার, বন্ধ হয়ে যাচ্ছে ছোট খামার

নাজিরপুরে লোকসানে লেয়ার মুরগির খামার, বন্ধ হয়ে যাচ্ছে ছোট খামার

favicon
অনলাইন সংস্করণ
নাজিরপুরে লোকসানে লেয়ার মুরগির খামার, বন্ধ হয়ে যাচ্ছে ছোট খামার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সম্ভাবনাময় লেয়ার মুরগির খামার খাত এখন লোকসানের মুখে। খাদ্যের দাম বেড়ে যাওয়া ও ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক ছোট ও মাঝারি খামারি আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।


লোকসানের মূল কারণ


মালিখালী, দেউলবাড়ী ও কলারদোয়ানিয়া এলাকায় বহু খামারি স্বপ্ন নিয়ে খামার গড়ে তুলেছিলেন। শুরুতে খরচ কম ও ডিমের ভালো দাম থাকলেও এখন বাজারে ডিমের পাইকারি দাম ৯.৩০–৯.৫০ টাকা। অথচ খাবার খরচই মুরগিপ্রতি ১০ টাকার বেশি, এর সঙ্গে ওষুধ, বিদ্যুৎ ও শ্রমিক খরচ যোগ হয়ে লোকসান আরও বাড়ছে।


খামারিরা অভিযোগ করেন, পাইকাররা কম দামে ডিম কিনে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছেন। ফলে উৎপাদকরা বঞ্চিত হচ্ছেন।


বিশেষজ্ঞ ও কর্মকর্তার মতামত


প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা জানান, অধিকাংশ খামারি দাদন পদ্ধতিতে ব্যবসা করেন। ফলে প্রকৃত লাভ পাইকার ও দোকানিদের হাতে যায়। তারা মনে করেন, সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দিলে খামারিরা ঘুরে দাঁড়াতে পারবেন।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আল মুক্তাদির রাব্বি বলেন,


“মুরগির খাদ্যের প্রধান উপাদান ভুট্টা ও সয়াবিন আমদানিনির্ভর। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয়ের কারণে ফিডের দাম বাড়ছে। ফিডের মূল্য নিয়ন্ত্রণে আমাদের কোনো ভূমিকা নেই, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”