শাপলা প্রতীক নিয়ে মামলা করবেন না: মান্না
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেলে কোনো মামলা করবেন না বলে ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে মান্না লেখেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।”
পরে এক মন্তব্যে তিনি আরও লিখেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেয়া হয়, তবে নির্বাচন কমিশন অন্য কাউকেও দিতে পারে না। তবে এনসিপির নেতারা আমার কাছে এসেছিলেন। তাদের অভিজ্ঞতা, বয়স এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের লড়াইয়ের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি সহানুভূতিশীল। তাই শাপলা প্রতীক যদি এনসিপিকে দেয়া হয়, আমি অঙ্গীকার করছি কোনো মামলা করব না।”
মান্নার এই পোস্টটি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম শেয়ার করে ক্যাপশনে লেখেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা।” একই সঙ্গে মান্নার বক্তব্যের স্ক্রিনশট এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।
পোস্টে এনসিপি আরও উল্লেখ করে, “প্রথমে নির্বাচন কমিশন আইনি বাধার কথা বলেছিল। পরে রাজনৈতিক বাঁধার কথা জানায়। তবে এখন নাগরিক ঐক্যের সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শাপলা প্রতীক এনসিপিকে দিলে মামলা করা হবে না। ফলে রাজনৈতিক বাধাটিও দূর হয়েছে।”
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, “এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল। তাদের দেওয়া হয়নি। এখন কেন এত আলোচনা?”