শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাক্যাম্প ন্যুতে ফেরায় আবারো দেরি, বললেন হাভিয়ের তেবাস

ক্যাম্প ন্যুতে ফেরায় আবারো দেরি, বললেন হাভিয়ের তেবাস

favicon
অনলাইন সংস্করণ
ক্যাম্প ন্যুতে ফেরায় আবারো দেরি, বললেন হাভিয়ের তেবাস

ইউরোপিয়ান সুপার লিগ ঘিরে আবারও তোলপাড় চলছে ইউরোপীয় ফুটবলে। নতুন প্রস্তাব জমা পড়েছে উয়েফার কাছে। এমন সময় লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস মুখ খুলেছেন বার্সেলোনার ভবিষ্যৎ, স্টেডিয়াম সংস্কার এবং তরুণ তারকা লামিন ইয়ামালের ইনজুরি নিয়ে।


স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস জানান, বার্সেলোনা চেয়েছিল আগামী অক্টোবরেই ক্যাম্প ন্যুতে ফিরতে। তবে সংস্কার প্রকল্পের কাজ ধীরগতির হওয়ায় তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন,

‘কখনো এক তারিখ, আবার কখনো অন্য তারিখ বলা হচ্ছে। আমিও চাই বার্সেলোনা দ্রুত তাদের মাঠে ফিরুক। তবে যদি একটু অপেক্ষা করলেই বিশ্বমানের স্টেডিয়াম পাওয়া যায়, তাহলে এই অপেক্ষা সার্থক হবে।’


তেবাসের মতে, স্টেডিয়াম সংস্কার ও অবকাঠামো উন্নয়ন সবসময় ইতিবাচক উদ্যোগ—‘এসব নিয়ে অভিযোগ না করে ধৈর্য ধরলে ভালো ফল পাওয়া যায়।’


এদিকে, ইউরোপিয়ান সুপার লিগ থেকে বার্সেলোনা ধীরে ধীরে দূরে সরে আসছে বলে ইঙ্গিত মিলেছে। এ নিয়ে আশাবাদী তেবাসও। তিনি বলেন,

‘আমি আশা করি তাই হবে। আমার ধারণা প্রেসিডেন্ট লাপোর্তাও প্রকল্প নিয়ে আস্থা হারাচ্ছেন। বার্সা যদি সুপার লিগ থেকে বের হয়ে উয়েফার প্রকল্পে আরও সম্পৃক্ত হয়, তাহলে তা পুরো ইউরোপীয় ফুটবলের জন্যই ইতিবাচক হবে।’


এছাড়া তরুণ তারকা লামিন ইয়ামালের ইনজুরি নিয়েও কথা বলেন তেবাস। চোটের কারণে ইয়ামালকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এই বিষয় নিয়ে বার্সা কোচ হানসি ফ্লিক ও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তবে তেবাস তা নিয়ে খুব একটা গুরুত্ব দেননি।

‘এমন বিতর্ক নতুন কিছু নয়। জাতীয় দল আর ক্লাব ফুটবলের মধ্যে এ ধরনের টানাপোড়েন বহুবারই দেখা গেছে,’ যোগ করেন তিনি।