সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › যুক্তরাষ্ট্রে পোশাক আমদানিতে সামগ্রিক পতন, তবুও বাংলাদেশে রফতানি বেড়েছে ২৬.৬২%

যুক্তরাষ্ট্রে পোশাক আমদানিতে সামগ্রিক পতন, তবুও বাংলাদেশে রফতানি বেড়েছে ২৬.৬২%

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে পোশাক আমদানিতে সামগ্রিক পতন, তবুও বাংলাদেশে রফতানি বেড়েছে ২৬.৬২%

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে। তবে একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানিতে ২৬.৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।


শনিবার (৪ অক্টোবর) মার্কিন সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)–এর তথ্য উদ্ধৃত করে বাসস জানায়, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও বাংলাদেশ এই সময়টিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ধরে রেখেছে।


তুলনামূলকভাবে দেখা যায়, বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের রফতানি ১৮.৩৬ শতাংশ কমেছে, অন্যদিকে ভিয়েতনাম ও ভারতের রফতানি যথাক্রমে ৩২.৯৬ শতাংশ ও ৩৪.১৩ শতাংশ বেড়েছে। ইন্দোনেশিয়ার রফতানি কমেছে ১৯.৮২ শতাংশ, আর কম্বোডিয়ার রফতানি বেড়েছে ১০.৭৮ শতাংশ।


ইউনিট মূল্যের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রের মোট আমদানি মূল্য গড়ে ১.৭১ শতাংশ কমেছে। চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে ৩৩.৮০ শতাংশ ও ৪.৫৬ শতাংশ হ্রাস পেয়েছে। বিপরীতে, ভিয়েতনাম (৬.৬৪%), ইন্দোনেশিয়া (৭.৩৮%) ও কম্বোডিয়া (৩৮.৩১%) তাদের ইউনিট মূল্য বৃদ্ধি করতে পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রেও ইউনিট মূল্য ৭.৩০ শতাংশ বেড়েছে।


শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ এখন এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে সক্ষম, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি, এবং এটি দেশের পোশাক খাতের স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।