বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিইতিবাচক রাজনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান এমরান সালেহ প্রিন্সের

ইতিবাচক রাজনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান এমরান সালেহ প্রিন্সের

favicon
অনলাইন সংস্করণ
ইতিবাচক রাজনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান এমরান সালেহ প্রিন্সের

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার এখনই সময়। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, এটি কাজে লাগাতে হবে।”


গতকাল শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের পশ্চিমাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, কিন্তু ভালো কিছু করতে হলে ভালো কাজের সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতির গতানুগতিক ধারা বদলাতে চায়—তাদের লক্ষ্য শুধু ক্ষমতা পরিবর্তন নয়, বরং রাষ্ট্র ও রাজনীতিতে প্রকৃত পরিবর্তন আনা।


তিনি বলেন, “গ্যালারিতে বসে রাজনীতির খেলা দেখা যাবে না, মাঠে নেমে ভালো খেলোয়াড় হয়ে রাষ্ট্রকে পাল্টাতে হবে।”


বিএনপি নেতা জানান, আগামী নির্বাচনে জনগণের রায়ে ক্ষমতায় এলে বিএনপি আন্দোলনের অংশীদার দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সরকার কৃষি ও কৃষকের কল্যাণে “ফার্মার্স কার্ড” চালু, ন্যায্যমূল্যে ধান ক্রয়, এবং কৃষি বিমা বাস্তবায়নের পরিকল্পনা করেছে।


এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ, গ্রামীণ হাটবাজার আধুনিকায়ন, এবং প্রান্তিক কৃষকের ঋণের সুদ মওকুফের প্রতিশ্রুতি দেন তিনি।


তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগণকে পল্লী রেশনিংয়ের আওতায় আনা হবে এবং প্রথম ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে।”


সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ গভঃ ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক আজহারুল ইসলাম সিদ্দিকী। সভায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় শিক্ষাবিদরা বক্তব্য রাখেন।