কূটনীতিতে বিএনপির মূলনীতি,সবার আগে বাংলাদেশ : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি একটাই— সবার আগে বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষাই হবে বিএনপির পররাষ্ট্রনীতির ভিত্তি।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব— এই তিনটি বিষয় অক্ষুণ্ণ রেখে, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমরা কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করব। সবার আগে বাংলাদেশ, এটিই আমাদের নীতি।”
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপির এই নীতি কি বৈশ্বিক রাজনীতির প্রভাব, যেমন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনুকরণ কি না। জবাবে তারেক রহমান বলেন,
“না, ওদেরটা ওরা বলেছে, আমি বাংলাদেশি। আমার কাছে বাংলাদেশের স্বার্থই বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থই বড়। কে কী বলল সেটা বিষয় না— সবার আগে বাংলাদেশ। এটা খুবই সহজ, জটিল করার কিছু নেই।”
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
“এখানে নির্দিষ্ট কোনো দেশের কথা নয়। মূল বিষয় হচ্ছে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, দেশের স্বার্থ রক্ষা করব। সেই স্বার্থকে অটুট রেখে যা কিছু সম্ভব, আমি তাই করব।”
তারেক রহমানের মতে, বিএনপি এমন এক কূটনৈতিক নীতি অনুসরণ করবে, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে, কোনো বহিরাগত প্রভাবের নয়।