ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই: জামায়াত নেতা তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কোনো শঙ্কা নেই। তবে তিনি স্পষ্ট করে দেন— যেনতেনভাবে নির্বাচন আয়োজন করে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই বর্তমান রাজনৈতিক অচলাবস্থার একমাত্র পথ।
মঙ্গলবার (৭ অক্টোবর) জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “নিউইয়র্কে বিভিন্ন উপদেষ্টা ও সফরসঙ্গীদের সঙ্গে আলোচনায় আমরা সবাই একমত হয়েছি যে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো নির্বাচন আর গ্রহণযোগ্য নয়। এই ধরনের নির্বাচন কেবল রাজনৈতিক সমস্যাকে আরও গভীর করেছে। তাই ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “অতীতের অভিজ্ঞতা প্রমাণ করে— কেবল একটি অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনই জাতির সংকট সমাধান করতে পারে। এজন্য সরকারকে এখনই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”
এর মধ্যে অন্যতম বিষয় হলো ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রদান। তিনি বলেন, “এটি আরও তিন মাস আগেই বাস্তবায়ন করা যেত। সব রাজনৈতিক দল নীতিগতভাবে এতে একমত হলেও বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। যদি এভাবে ষড়যন্ত্র ও দেরি চলতে থাকে, তাহলে পুরো প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”
শেষে তিনি সতর্ক করে বলেন, “যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে বা নির্বাচন বিলম্বিত করছে, তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে।