শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাবিশ্বকাপ প্রস্তুতিতে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ বাংলাদেশের কোচ

বিশ্বকাপ প্রস্তুতিতে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ বাংলাদেশের কোচ

favicon
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ প্রস্তুতিতে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ বাংলাদেশের কোচ

আগামী বিশ্বকাপ দাবা প্রতিযোগিতাকে সামনে রেখে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। দুই মাস মেয়াদে (অক্টোবর ও নভেম্বর) বাংলাদেশে থেকে জাতীয় দাবাড়ুদের প্রশিক্ষণ দেবেন তিনি। এই প্রকল্পের অর্থায়ন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।


দাবা বিশ্বকাপ আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে। এতে অংশ নেবেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার— ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো ঘাটতি না রাখতেই এই রাশিয়ান কোচকে আনা হয়েছে বলে জানিয়েছে দাবা ফেডারেশন।


রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ বিশ্বজুড়ে একাধিক শীর্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক দাবাড়ুদের প্রশিক্ষণ দিয়েছেন। তার অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ দাবাড়ুদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে ফেডারেশন।


ফাহাদ ও নীড়ের পাশাপাশি পিটারের অধীনে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শালিক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকের উল্লাহ, মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী, মো. শরীফ হোসেন, সেখ নাসির আহমেদ ও নাইম হকও প্রশিক্ষণ নেবেন।


এ ছাড়াও, ফেডারেশন জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় নারী দাবাড়ুদের উন্নয়নেও পিটার কিরিয়াকভের অধীনে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।