ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিপ্রতি বেড়েছে প্রায় ৭ হাজার টাকা
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে ভরিপ্রতি প্রায় সাত হাজার টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট সোনা: ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা
২১ ক্যারেট সোনা: ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা
১৮ ক্যারেট সোনা: ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা
সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫১ টাকায়, ২১ ক্যারেটের ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৬ টাকায়।
নতুন দামের ফলে দেশের ইতিহাসে এই প্রথমবার ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ টাকার ওপরে উঠল।