ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরিমাণ ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আমীর খসরু বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোর সমাধান আসন্ন জাতীয় নির্বাচনের পর করা হবে। দেশের জনগণ ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়েই এখন এগোতে হবে। বিএনপির প্রস্তাবিত অনেক বিষয়ে ঐকমত্য না হলেও দল সেটি মেনে নিয়েছে—অন্য দলগুলোকেও তা মেনে নিতে হবে।”
নির্বাচনে প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে, তা সময়মতো জানা যাবে। দলটি বড় হওয়ায় একাধিক প্রার্থীর আগ্রহ থাকা স্বাভাবিক, তবে দল যাকে উপযুক্ত মনে করবে, সবাই তাকেই সমর্থন জানাবে।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে স্কিল ডেভেলপমেন্ট, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার এবং অর্থনৈতিক অগ্রগতিতে জার্মানির অভিজ্ঞতা বিনিময় ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।