কোনো দলের সঙ্গে সমঝোতা হয়নি: নুরুল হক নুর
গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা বা জোট করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন।
নুর লিখেছেন,
“গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কখনো বলা হয়নি যে আমরা কোনো দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছি। গত এক বছরে শতাধিকবার মিডিয়ার সামনে বলেছি—আমাদের কারও সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।”
তিনি আরও জানান, নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি গণঅধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।
ইতোমধ্যে ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই ধাপে ধাপে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
নুর সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,
“দলের দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য না নিয়ে অনুমানভিত্তিক বা মনগড়া সংবাদ প্রচার করা অনুচিত।”
পোস্টের শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর প্রকাশ করে জানান, সাংবাদিকরা প্রয়োজনে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।