দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হার, বিশ্বকাপে টানা তৃতীয় পরাজয়ে বাংলাদেশ নারী দল
নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিশাখাপত্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে নিজেদের চতুর্থ খেলায় এটি নিগার সুলতানা জ্যোতির দলের টানা তৃতীয় পরাজয়।
টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। রুবাইয়া হায়দা ২৫ রানে আউট হয়ে এই জুটি ভাঙেন। এরপর ফারজানা হক ধীরগতিতে ৭৬ বলে ৩০ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বড় ইনিংস খেলতে পারেননি—৪২ বলে করেন ৩২ রান। অর্ধশতক পূর্ণ করার পর রান আউট হন শারমিন আক্তার (৭৭ বলে ৫০)।
ইনিংসের শেষদিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। ৩৫ বলে অপরাজিত ৫১ রান করে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানে ইনিংস শেষ করে টাইগ্রেসরা।
জবাবে শুরুতেই নাহিদা আক্তার দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটসকে ফিরিয়ে দেন। এরপর রিতু মনি, রাবেয়া ও ফাহিমা খাতুনের দারুণ বোলিংয়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। তবে ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান ক্লো ট্রায়ন (৬২) ও মারিজান ক্যাপ (৫৬)।
শেষদিকে নাদিন ডি ক্লার্ক ২৯ বলে অপরাজিত ৩৭ রানে দলকে জয়ের পথে নিয়ে যান। তিন বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচেও ভারতের বিপক্ষে ম্যাচজয়ী ৮৪ রানের ইনিংস খেলেছিলেন ক্লার্ক।
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা তিন ম্যাচে হেরে এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ নারী দল।