শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাআফগানিস্তানের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশ: আবুধাবিতে রানের ব্যবধানে বাংলাদেশের ইতিহাসগড়া হার

আফগানিস্তানের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশ: আবুধাবিতে রানের ব্যবধানে বাংলাদেশের ইতিহাসগড়া হার

favicon
অনলাইন সংস্করণ
আফগানিস্তানের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশ: আবুধাবিতে রানের ব্যবধানে বাংলাদেশের ইতিহাসগড়া হার

ধবলধোলাই এড়ানোর মিশনও সফল হলো না— উল্টো আফগানিস্তানের বিপক্ষে ইতিহাসের সবচেয়ে বড় রানের ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানের বিশাল ব্যবধানে হার মানে মেহেদী হাসান মিরাজের দল।


টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৯৪ রান। জবাবে ব্যাট হাতে নেমে ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে কেবল সাইফ হাসানই লড়াই করার চেষ্টা করেন— করেন ৫৪ বলে ৪৩ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।


আফগানিস্তানের বোলিং তোপে ছিন্নভিন্ন হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। বিলাল সামি একাই নিয়েছেন ৫ উইকেট, রশিদ খান পেয়েছেন ৩টি, ওমরজাই নিয়েছেন ১টি, আর একটি রানআউট।


এর আগে, ইনিংসের শুরুতে গুরবাজ ও জাদরান ৯৯ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়েন। তানভির ইসলাম ভাঙেন সেই জুটি। এরপর কিছুটা ধস নামলেও শেষ দিকে মোহাম্মদ নবি ঝড় তোলেন— ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করে শেষ দুই ওভারে ৪৪ রান তোলেন একাই।


বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় নেন ৩ উইকেট। হাসান মাহমুদ ও তানভির ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে সিরিজসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান। আর এই ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বিলাল সামি।