ইসলামকে সবচেয়ে বেশি ধারণ করছে যুবসমাজ ও মায়েদের সমাজ: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দুটি সমাজ আজ ইসলামকে সবচেয়ে বেশি ধারণ করছে—একটি যুবসমাজ, আরেকটি মায়েদের সমাজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সব জায়গায় একই চিত্র দেখা গেছে—মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর, তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি ভবিষ্যতে বাংলাদেশ দেখতে পাবে।”
তিনি আরও বলেন, “৯১ শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে-বাইরে কোথাও নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন ও রাসুলের জীবন থেকে শিক্ষা নিয়েছে যে আমাদের মায়ের জাতিকে প্রকৃত মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে।”
রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের পক্ষে মত দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বাস্তব প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী নারীরাও পুরুষদের পাশাপাশি রাষ্ট্র গঠনে অবদান রাখবেন।”
তিনি আরও বলেন, “আমরা কারও ধর্ম, দল, গায়ের রং বা ভাষা দেখে বিচার করব না। পাহাড়ে থাকুক বা সমতলে—সে যদি এই দেশের নাগরিক হয়, তবে সে আমাদের ভাই, আমাদের বোন।”
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, “দেশের অর্থনীতি এখন ভাঙাচোরা ও দুর্বল। দুর্নীতিগ্রস্তদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। সে যেই হোক—আমাদের দলের হোক বা অন্য ধর্মাবলম্বী—যোগ্যতা অনুযায়ী দায়িত্ব তারই হাতে দেওয়া হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন এক অন্তর্ভুক্তিমূলক (inclusive) সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সব নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত থাকবে।