চলতি হিসাবের উদ্বৃত্ত দ্বিগুণ, দুই মাসে ৪৮ কোটি ডলার লাভে বাংলাদেশ
চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম দুই মাসে বৈদেশিক লেনদেনে বড় ধরনের উন্নতি দেখা দিয়েছে। জুলাই ও আগস্ট মাসে চলতি হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৮ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।
রফতানি ও রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে এই উন্নতি সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই–আগস্ট সময়ে পণ্য আমদানি বেড়েছে প্রায় ১০ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ১,০৮৮ কোটি ডলার। একই সময়ে ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে রফতানি আয় হয়েছে ৭৯৩ কোটি ডলার।
ফলে দুই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৯৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭৫ কোটি ডলার।
অন্যদিকে, মূলধনি পণ্যের আমদানি বেড়েছে ২৪ দশমিক ৫ শতাংশ এবং মধ্যবর্তী পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের প্রবণতা কমে আসায় বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে করে রিজার্ভ বেড়ে ৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যদি রেমিট্যান্স ও রফতানির এই ধারা অব্যাহত থাকে, তবে চলতি হিসাবের অবস্থান আগামী মাসগুলোতেও ইতিবাচক থাকবে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।