শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ব্যাংক খাতে গভীর সংকট: ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

ব্যাংক খাতে গভীর সংকট: ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

favicon
অনলাইন সংস্করণ
ব্যাংক খাতে গভীর সংকট: ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

দেশের ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা উদ্বেগজনকভাবে অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের জুন প্রান্তিকে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকারও বেশি, যা তিন মাস আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংক বাধ্যতামূলক ন্যূনতম মূলধন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। মার্চ প্রান্তিকে এ ঘাটতির পরিমাণ ছিল ১ লাখ ১০ হাজার ২৬০ কোটি টাকা।


অর্থনীতিবিদরা বলছেন, ক্রমবর্ধমান খেলাপি ঋণই ব্যাংক খাতের এই সংকটের মূল কারণ। খেলাপি ঋণ বাড়লে ব্যাংকগুলোকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হয়। কিন্তু অনেক ব্যাংক তা না করায় তাদের মূলধনভিত্তি দ্রুত দুর্বল হয়ে পড়ছে।


বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংক খাতে দীর্ঘদিনের লুকানো অনিয়ম ও দুর্বলতা এখন প্রকাশ্যে আসছে। এর ফলে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা ব্যাংকগুলোর মূলধন ঘাটতিকে আরও তীব্র করেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতিতে থাকা ২৪টি ব্যাংকের মধ্যে রয়েছে চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, দুটি বিশেষায়িত ব্যাংক এবং ১৮টি বেসরকারি ব্যাংক।


বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলোর দুর্বল মূলধনভিত্তি শুধু তাদের আর্থিক ক্ষতি শোষণের সক্ষমতাকেই সীমিত করছে না, বরং বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন ও আস্থার সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে। বাসেল-৩ কাঠামোর মানদণ্ডে এই ব্যাংকগুলো আন্তর্জাতিক পর্যায়ের মূলধন পর্যায় বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বিদেশি অংশীদাররা এখন ঝুঁকি নিতে অনিচ্ছুক।


বিশেষজ্ঞদের সতর্কবার্তা—যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে দেশের পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।