প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করছে বাংলাদেশ।
রোববার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বহনকারী ‘এমভি নর্স স্ট্রাইড’ জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
এই গম আমদানি কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে।
ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর দ্রুত খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বর্তমানে দেশে বছরে গড়ে ৮০ লাখ টনের বেশি গমের চাহিদা রয়েছে। এর মধ্যে দেশে উৎপাদিত হয় প্রায় ১১ লাখ টন, বাকিটা আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে।
গত অর্থবছরে আমদানিকৃত গমের ৫৪ শতাংশ এসেছে রাশিয়া থেকে, আর ১৪ শতাংশ এসেছে ইউক্রেন থেকে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টনের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে এবং ২২ হাজার ৭৮৯ টন মোংলা বন্দরে খালাস করা হবে।