আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), প্রতীক ‘হাতি’
আদালতের নির্দেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে হাতি।
রবিবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) বিআরপি চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে দলীয় নিবন্ধন সনদ তুলে দেয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১১২২/২০১৮ এর আদেশের পরিপ্রেক্ষিতে গত ২৩ জুলাইয়ের নির্দেশ অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর বিধান অনুসারে দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাজধানীর ৮৮/১, শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ ঠিকানায় অবস্থিত বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত ঘোষণা করা হয়েছে।
দলের নিবন্ধন নম্বর ৫৭ এবং প্রতীক হাতি সংরক্ষিত করা হয়েছে।
বিআরপি চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন,
“গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।”