বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, বিদ্রোহ ঠেকাতে কঠোর নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, বিদ্রোহ ঠেকাতে কঠোর নির্দেশনা

favicon
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, বিদ্রোহ ঠেকাতে কঠোর নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের মাঠে ঐক্য নিশ্চিত করতে শিগগিরই মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামার নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ারও নির্দেশ এসেছে হাইকমান্ড থেকে।


প্রতিদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রার্থীদের উদ্দেশে বারবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “দল যাকেই মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।”


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আসনে আসনে বিরোধ মেটাতে সিরিজ বৈঠক চলছে। চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পর বিদ্রোহী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “ধানের শীষ প্রার্থীর পক্ষে না থাকলে বহিষ্কার করা হবে,” বলেন তিনি।


দলীয় সূত্রে জানা গেছে, কিছু বিশেষ মহল বিএনপির অন্তত ১০০ আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দলীয় ভোট ভাগ করার ষড়যন্ত্র করছে। এ তথ্য জানার পরই হাইকমান্ড মাঠপর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কড়া নির্দেশ দিয়েছে।


অক্টোবর মাসজুড়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন। বৈঠকে তিনি মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা নয়, বরং ঐক্য ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন।


বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি এখন কঠোর অবস্থানে। যে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে বা বিদ্রোহী আচরণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন, বৈঠকগুলোতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—দল যাকে প্রার্থী করবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। যারা মনোনয়ন পাবেন, তাদেরও বলা হয়েছে সবার মন জয় করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে।


এদিকে, যুগপৎ আন্দোলনের শরিকদের আসন সমন্বয় নিয়েও আলোচনা চলছে। বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, শরিকদের জন্য সর্বোচ্চ ৫০টি আসন উন্মুক্ত রাখা হতে পারে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর জানানো হবে।