সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন—জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুর এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন।
এদিন দুদকের উপপরিচালক আফরোজা হক খান আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা নিজেদের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাব পরিচালনা করে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদক জানায়, বিষয়টি অনুসন্ধানের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তের সময় গোপন সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ব্যাহত হতে পারে এবং অনুসন্ধান কার্যক্রমে বিলম্ব ঘটতে পারে।
এজন্য দুদক আদালতের কাছে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করার আবেদন জানায়, যা আদালত মঞ্জুর করেছেন।