তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে সর্বোচ্চ আদালতে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন বিএনপির পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করছেন।
এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতে ইসলামী’র আইনজীবী শিশির মনির বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ধারণা ছিল একটি অনন্য ও কার্যকর পদ্ধতি। কিন্তু রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে এই ব্যবস্থা বাতিল করা হয়েছে।”
তৃতীয় দিনের শুনানিতেও তিনি আদালতকে জানান, “তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রক্রিয়া ছিল পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।
প্রসঙ্গত, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।