টানা চার দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম
টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণ ভরিতে বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা। নতুন দামে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়।
বুধবার (২৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকায় বিক্রি হবে।
সংগঠনটি আরও জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে বলেও জানানো হয়।
এর আগে, গত ২৮ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।
চলতি বছরে এ নিয়ে মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৯ বার বেড়েছে, আর ২২ বার কমেছে দাম। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৩৫ বার বেড়েছে এবং ২৭ বার কমেছে।
অপরদিকে, স্বর্ণের দামের এই পরিবর্তনের মধ্যেও রূপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।