বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরার পর এবার শাশুড়ির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরার পর এবার শাশুড়ির দেশত্যাগে নিষেধাজ্ঞা

favicon
অনলাইন সংস্করণ
সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরার পর এবার শাশুড়ির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসির (৭১) দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।


মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। লতিফা হক মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।


এর আগে, ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত। এ নিয়ে এ মামলায় মোট তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর ঘটনায় রমনা থানায় প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। পরে, গত ২০ অক্টোবর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।


এর পরদিন, ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় নতুন করে মামলা দায়ের করেন। এতে সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।


অন্য আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।


মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়। সালমান শাহর পরিবার শুরু থেকেই এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে আসছে। মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে তদন্তাধীন রয়েছে।