নির্বাচনী প্রতীকে ‘শাপলা কলি’ যুক্ত করায় অসন্তুষ্ট এনসিপি
নির্বাচনী প্রতীকের তালিকায় নতুনভাবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই প্রতীক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানায়, তারা শাপলা ফুল চেয়েছিল, শাপলা কলি নয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা কালের কণ্ঠকে বলেন,
“আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই, শাপলা কলি নয়। এই প্রতীক তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।”
তিনি আরও বলেন, “আমরা যে প্রতীকটি চেয়েছি তা হলো শাপলা। যদি শাপলা কলি দেওয়া হয়, আমরা পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাব। এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, তবে আমাদের শাপলাই দিতে হবে।”
উল্লেখ্য, ইসি সম্প্রতি প্রকাশিত নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে।