পর্যটন খাতে অবদানের স্বীকৃতি: তিন সাংবাদিকসহ ১৩ জন পেলেন পুরস্কার
দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন সাংবাদিকসহ মোট ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) শুরু হওয়া ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী এই বৃহত্তম পর্যটন মেলায় সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন—
মাসুদ রুমী, চিফ বিজনেস এডিটর, দৈনিক কালের কণ্ঠ
বাতেন বিপ্লব, চিফ নিউজ এডিটর, এশিয়ান টিভি ও এটিজেএফবি’র সাধারণ সম্পাদক
সাইফুল্লাহ সুমন, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ টেলিভিশন ও এটিজেএফবি’র যুগ্ম সম্পাদক
এছাড়া প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন শুভাশীষ ভৌমিক।
ট্রাভেল ভ্লগার ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা:
স্টোরিটেলিং ট্রাভেল ভ্লগার: আর কে সোহান
উইমেন ট্রাভেল ভ্লগার: জান্নাত দ্য লুনাটিক ট্রাভেলার
কাপল ও ফ্যামিলি ট্রাভেল ভ্লগার: পেটুক কাপল
রাইজিং ট্রাভেল ভ্লগার: জাস্ট এ মিনিট
ফটো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে হৃদয়, বিপুল আহমেদ ও তন্ময় দাস।
ভিডিও প্রতিযোগিতায় বিজয়ী শাহরিয়ার হোসেন শিজু, আর গল্প লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন সাজিব মাহমুদ।
এবারের বিটিটিএফ মেলায় দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে রয়েছে প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন। অংশগ্রহণ করেছে বিভিন্ন জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ব্যাংক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মেলায় পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক ও বাংলাদেশসহ ১৩টি দেশের পর্যটন সংস্থা ও ট্রাভেল এজেন্টরা অংশ নিয়েছে।
মেলার অংশগ্রহণকারীরা দর্শনার্থীদের জন্য এয়ার টিকিট, হোটেল বুকিং ও ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় দিচ্ছেন। পাশাপাশি থাকবে সেমিনার, বিটুবি সেশন, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।