কনে সাজে ভাইরাল মাহিমা চৌধুরী, সত্যি কি আবার বিয়ে করলেন?
এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী। কিন্তু বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কনে সাজে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর গুঞ্জন—তাহলে কি আবার বিয়ে করলেন মাহিমা?
ছবিতে দেখা যায়, মাহিমা লাল বেনারসি পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে একদম নববধূর সাজে হাজির হয়েছেন। তার পাশে রয়েছেন অভিনেতা সঞ্জয় মিশ্র। পাপারাজ্জিদের সামনে দুজনকে নবদম্পতির মতো পোজ দিতেও দেখা গেছে। এমনকি মাহিমা হাসিমুখে মিষ্টি বিতরণ করে বলেন, “আপনারা তো বিয়েতে আসতে পারেননি, তাই এখন মিষ্টিমুখ করুন!”
ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়—তবে কি সত্যিই নতুন করে সংসার পাতলেন অভিনেত্রী?
তবে কিছুক্ষণের মধ্যেই জল্পনার অবসান ঘটান মাহিমা নিজেই। জানা যায়, এটি আসলে একটি সিনেমার প্রচারণার অংশ। সঞ্জয় মিশ্র ও মাহিমা একসঙ্গে অভিনয় করছেন ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ নামের নতুন ছবিতে। আর সেই ছবির প্রচারের জন্যই কনে সাজে হাজির হয়েছিলেন তারা।
সিদ্ধান্ত রাজ পরিচালিত এই চলচ্চিত্রে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মাহিমা। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমেই বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।
সূত্র: বলিউড হাঙ্গামা