বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো অন্যায়: মুজাহিদুল ইসলাম সেলিম
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণকে “অন্যায়” বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।
শুক্রবার ঢাকার তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সম্মেলনে’ অংশ নিয়ে তিনি বলেন, “মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছে—এটা খুব অন্যায় কাজ হয়েছে। মুজিবের ছবি থাকবে, তবে তার পাশে মওলানা ভাসানী, কর্নেল তাহের ও মনি সিংহের ছবিও থাকা উচিত।”
সেলিম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই সরকারকে নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে। সব দলীয় সংযোগ অবিলম্বে ছিন্ন করতে হবে। তা না হলে এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়—এটা দেশের জনগণ ভালো করেই জানে।”
তিনি আরও বলেন, “বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থান হলেও সেই বৈষম্য এখনো দূর হয়নি। সম্ভাবনা ও সংকটের এক দোলাচলে আমরা চলছি।”
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে সেলিম বলেন, “গণ-অভ্যুত্থানের পর বলা হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু দেড় বছর পার হয়ে গেলেও এক ইঞ্চি বৈষম্য দূর হয়নি। বরং দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। দেশের অর্থনীতি এমনভাবে চলছে যে গরিবের সম্পদ বড়লোকদের কাছেই চলে যাচ্ছে। এভাবে চললে শোষণ ও বৈষম্য কখনো কমবে না।”