হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, অবস্থা স্থিতিশীল
বলিউডের প্রিয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে দ্রুত মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপর আইসিইউ-তে রাখা হয়। খবরটি প্রকাশ্যে আসার পরেই বলিউডে উদ্বেগ তৈরি হয়।
তবে হাসপাতালের এক কর্মী, যিনি নাম প্রকাশ করতে চাননি, জানিয়েছেন যে অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার হৃৎস্পন্দন ৭০ এবং রক্তচাপ ১৪০/৮০, সব কিছু স্বাভাবিকভাবে চলছে। তিনি আরও জানিয়েছেন, ধর্মেন্দ্র পাঁচ দিন ধরে হাসপাতালে আছেন এবং নিয়মিত পরীক্ষা করাতেই ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ধর্মেন্দ্রের চোখে একটি অস্ত্রোপচার হয়েছিল। তখন ব্যান্ডেজ পরে হাসপাতাল থেকে বের হওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি নিজেই উপস্থিত চিত্রসংবাদিকদের জানান,
“এখনো আমি শক্তপোক্ত, তরতাজা। ভালো আছি। চোখের কিছু সমস্যা দেখা দিয়েছিল, তাই অস্ত্রোপচার করাতে হলো।”
ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। আগামী ৮ ডিসেম্বরে তিনি নব্বই পেরোবেন। এছাড়া শীঘ্রই শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে তাকে দেখা যাবে।