চার বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুরুল হক নুর
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক। তিনি বলেন,
“স্বতন্ত্র প্রার্থীরাও যারা জিতেছে, তাদের অনেকেই শিবিরের নেক্সাসের। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার—এটা আমার কাছে রহস্যজনক।”
শনিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
নুরের বিশ্লেষণে, শিবিরের সাফল্যের পেছনে রয়েছে তাদের কল্যাণভিত্তিক রাজনীতি। তিনি বলেন,
“তারা ছাত্রদের নানা সুবিধা দেয়। কিছু হাসপাতালে শিবির এমন চুক্তি করেছে, যেখানে সদস্যদের পরিবার খুব কম খরচে চিকিৎসা নিতে পারে।”
ডাকসুর সাবেক ভিপি আরও জানান, উচ্চশিক্ষিত তরুণরাও নির্বাচনে সচেতনভাবে ভোট দিতে না পারায় অযোগ্য প্রার্থীরাও সংসদে পৌঁছে যায়। তিনি মন্তব্য করেন,
“গ্রামে মানুষ কিছু টাকায় ভোট দিয়ে দেন; তাই আমাদের তরুণরাও সচেতন না হলে একই পরিস্থিতি তৈরি হচ্ছে।”
এসময় সংলাপে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী প্রমুখ।