শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জামায়াতে ইসলামী: আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী অচিরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,
“আমরা প্রায় এক বছর আগেই আঞ্চলিকভাবে সম্ভাব্য প্রার্থীদের তালিকা জানিয়েছি। ইনশা-আল্লাহ যথাসময়ে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, জামায়াত এককভাবে নির্বাচন করছে না; জাতীয় স্বার্থ বিবেচনায় অন্যান্য রাজনৈতিক শক্তিকেও সঙ্গে রাখা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর বলেন,
“আমি ব্যক্তিগতভাবে আমির পদে নির্বাচিত হইনি, বরং সহকর্মীরা আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এটি একটি বড় দায়িত্ব—দেশ ও দ্বীনের কল্যাণে যেন আমি তা সঠিকভাবে পালন করতে পারি, এ জন্য দোয়া চাই।”
তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে ভোটার নিবন্ধনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।
রাজনৈতিক মতভেদ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন,
“গণতন্ত্রে মতপার্থক্য থাকতে পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতবিরোধ থাকা উচিত নয়। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই।”
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ডা. শফিকুর রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন।