বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিআসন্ন নির্বাচনে কোনো জোট নয়, নির্বাচনী সমঝোতায় যাবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

আসন্ন নির্বাচনে কোনো জোট নয়, নির্বাচনী সমঝোতায় যাবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

favicon
অনলাইন সংস্করণ
আসন্ন নির্বাচনে কোনো জোট নয়, নির্বাচনী সমঝোতায় যাবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, জামায়াত এবার জোট নয়, বরং নির্বাচনী সমঝোতার পথে হাঁটবে।


বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন,

“আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নিইনি, করবও না। তবে নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল যারা আছেন, তারা এই সমঝোতায় যুক্ত হচ্ছেন। ভবিষ্যতে আরও অনেক দল এতে যোগ দেবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই।”


তিনি আরও বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনেই জনগণের সমর্থন সবচেয়ে বেশি।”


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির।


গণভোট ইস্যুতে দলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন কোন ভিত্তিতে হবে? তাই আমরা চাই, গণভোট আগে অনুষ্ঠিত হোক এবং জুলাই সনদ আইনিভাবে কার্যকর হোক।”


সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগকেও কি এই ‘সবাইকে নিয়ে নির্বাচন’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে—এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন,

“আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। তারা যা চায় না, সেটা তাদের ওপর চাপিয়ে দিলে তা জুলুম হবে।”