দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, আসছে একীভূত নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক
বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস ভেঙে দিয়েছে। এসব ব্যাংককে একীভূত করে একটি নতুন বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানানো হয়েছে।
এর আগে, গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে থাকা পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে।
ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)।
নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’—যার যেকোনো একটি নাম চূড়ান্ত হতে পারে। নতুন ব্যাংকটি পেশাদার ও বাণিজ্যিকভাবে পরিচালিত হবে বলে জানা গেছে।
পূর্ববর্তী সরকারের সময় এই ব্যাংকগুলোর মধ্যে চারটির মালিকানা ছিল এস আলম গ্রুপের, আর একটি ব্যাংকের মালিক ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার। সেই সময় হাজার হাজার কোটি টাকা নামে-বেনামে স্থানান্তরিত হওয়ায় ব্যাংকগুলো আর্থিক সংকটে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।