অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণা
অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন এবং দলের সিদ্ধান্তের প্রতি তিনি আশাবাদী।
সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আসাদুজ্জামান। তিনি বলেন, “একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পর দেশের মানুষ আর স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই ব্যবস্থা পুনর্বহাল করা গেলে তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালীন তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে যেকোনো ব্যবস্থা গ্রহণ সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী নয়।”