মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত ঘোষণা

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত ঘোষণা

অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার সকালে লেনদেন শুরুর আগেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে এ সিদ্ধান্ত জানানো হয়।


লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক,ইউনিয়ন ব্যাংক,এক্সিম ব্যাংক


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ‘ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ, ২০২৫’–এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অ-কার্যকর (non-functional) ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।


ডিএসই জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক গত ৫ নভেম্বর একটি চিঠিতে নির্দেশ দিয়েছে যে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো এখন থেকে ‘ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী পরিচালিত হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে।


এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা দেন, ব্যাংকগুলোর শেয়ারের মূল্য এখন শূন্য এবং বর্তমান আর্থিক অবস্থার কারণে শেয়ারহোল্ডাররা কোনো অর্থ পাবেন না।


গভর্নরের এ ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দেয়। আজ লেনদেন শুরু হওয়ার আগেই বিএসইসি আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোতে শেয়ার লেনদেন স্থগিতের ঘোষণা দেয়।