বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজামায়াত নেতার ‘নো হাংকি-পাংকি’ মন্তব্যে এ্যানির সমালোচনা

জামায়াত নেতার ‘নো হাংকি-পাংকি’ মন্তব্যে এ্যানির সমালোচনা

favicon
অনলাইন সংস্করণ
জামায়াত নেতার ‘নো হাংকি-পাংকি’ মন্তব্যে এ্যানির সমালোচনা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি দেশে নির্বাচন হলে ভিন্নমত ও প্রতিযোগিতা থাকবেই—এটাই রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও আদর্শ বজায় রাখা জরুরি।


শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের গোডাউন রোডের বশির ভিলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।


এ্যানি বলেন, “একটি ইসলামী দলের একজন বক্তা গতকাল এমন একটি বক্তব্য দিয়েছেন, যা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। একটি দলের নায়েবে আমির হিসেবে ‘নো হাংকি-পাংকি’ শব্দ ব্যবহার করা রাজনৈতিক শালীনতার পরিপন্থী। এই ধরনের ভাষা রাজনীতিকে ছোট করে, জনগণ এমন কথা পছন্দ করে না।”


তিনি আরও বলেন, “রাজনীতি অভিজ্ঞতার বিষয়। ভেবেছিলাম উনি যেহেতু ডাক্তার ও সাবেক ছাত্রনেতা, দায়িত্বশীলভাবে কথা বলবেন। কিন্তু তাঁর বক্তব্যে আমরা হতাশ হয়েছি।”


বিএনপি নেতা বলেন, “আমরা সাধারণ মানুষের দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল জনগণের অধিকার নিয়ে কাজ করে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন–সংগ্রাম করেছি, জনগণের সঙ্গে মিশে রাজনীতি শিখেছি।”


এ্যানি কর্মীদের উদ্দেশে বলেন, “ঘরে ঘরে যান, সালাম দিন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিন। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”


সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ–সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা যুবদল সভাপতি আব্দুল আলীম হুমায়ুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।