ইমন সাহা পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স : আ মিউজিক্যাল জার্নি’ মুক্তি পেয়েছে
মিউজিক্যাল জার্নি নিয়ে নির্মিত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স : আ মিউজিক্যাল জার্নি’ আজ শুক্রবার (৭ নভেম্বর) মুক্তি পেয়েছে।
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল ও চট্টগ্রামের সুগন্ধা।
গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। গানের নেশায় গ্রাম থেকে শহরে আসা মেয়েটি জনপ্রিয়তা ও জৌলুসের পেছনে ছুটতে গিয়ে ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের ভেতরের শিল্পীসত্তা।
পরিচালক ইমন সাহা বলেন,
“বাউল পরিবারে জন্ম নেওয়া মেয়েটি প্রথমে ফোক গান করে, পরে উৎসাহে শহরে আসে। কিন্তু শহরে এসে যশ, খ্যাতি ও প্রতিযোগিতার ভেতর তার আসল সত্তাটা হারিয়ে যায়। সিনেমাটিতে জাগতিক ও আধ্যাত্মিক যাত্রার এক সংযোগ দেখানোর চেষ্টা করেছি।”
সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।