তুরস্কে ফুটবল জুয়া কেলেঙ্কারি: ১৭ রেফারি ও এক ক্লাব সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তুরস্কের ফুটবল অঙ্গনে বড় ধরনের জুয়ার কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দেশটির প্রসিকিউটররা শুক্রবার ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যাদের মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি এবং শীর্ষ লিগের একটি ক্লাবের সভাপতি।
ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইস্তানবুলসহ ১২টি প্রদেশে সমন্বিত অভিযানে অন্তত ১৮ জনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ—দায়িত্বের অপব্যবহার এবং ম্যাচের ফলাফল প্রভাবিত করার চেষ্টা।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, গ্রেপ্তারদের মধ্যে আছেন তুরস্ক সুপার লিগের ক্লাব আইউপস্পোরের সভাপতি মুরাত ওজকায়া এবং কাসিমপাসার সাবেক মালিক ফাতিহ সারাচ। উল্লেখ্য, কাসিমপাসা ক্লাবটি বর্তমানে ট্রাস্টির অধীনে পরিচালিত হচ্ছে, কারণ ক্লাবটির মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলা চলমান।
এই কেলেঙ্কারি প্রকাশ পায় ঠিক এক সপ্তাহ পর, যখন তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) হঠাৎ করে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িক বরখাস্ত করে। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগ্লু জানান, সরকারি তদন্তে দেখা গেছে, সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনেরই অনলাইন বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে।
এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন—যাদের মধ্যে রয়েছেন ৭ জন শীর্ষ পর্যায়ের ও ১৫ জন সহকারী রেফারি।
হাজিওসমানওগ্লু আরও চমকপ্রদ তথ্য প্রকাশ করে বলেন, “কিছু রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি তো একাই ১৮ হাজার ২২৭টি ম্যাচে বাজি ধরেছেন!”