জোর করে দাবি আদায় ঠিক নয়: আমীর খসরুর হুঁশিয়ারি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি আদায় করতে চাচ্ছে। তারা নিজেদের মতামত অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন তিনি।
আমীর খসরু বলেন, “নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা গুরুত্বপূর্ণ নয়, কারণ তখন মূল তৎপরতা থাকে ভোট নিয়ে। জনগণ ইশতেহার দেখে ভোট দেয়—এমনটা সচরাচর দেখা যায় না।”
তিনি আরও বলেন, দীর্ঘ আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই বর্তমান সনদ সই হয়েছে, তাই বাস্তবায়নও সেই ঐকমত্যের মাধ্যমে হতে হবে। নতুন ইস্যু তৈরি করে ঐকমত্যের বাইরে গেলে তা জনগণের ম্যান্ডেট ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অসম্মান করার শামিল।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, “যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বাধাগ্রস্ত করতে চায়, তারা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে—তারা কি ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে?”
তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো ধারাবাহিক আলোচনা ও জনগণের মতামতকে সম্মান করা। বেগম খালেদা জিয়া আট বছর আগে ভিশন ২০৩০ উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে সময়ের পরিবর্তন ও বাস্তবতার আলোকে বিএনপি ২৭ দফা ও ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে।