বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দুর্নীতি ও অর্থ আত্মসাতে পদ্মা ব্যাংকের পতন: নাফিজ সরাফতের বিরুদ্ধে বহু সংস্থার তদন্ত

দুর্নীতি ও অর্থ আত্মসাতে পদ্মা ব্যাংকের পতন: নাফিজ সরাফতের বিরুদ্ধে বহু সংস্থার তদন্ত

favicon
অনলাইন সংস্করণ
দুর্নীতি ও অর্থ আত্মসাতে পদ্মা ব্যাংকের পতন: নাফিজ সরাফতের বিরুদ্ধে বহু সংস্থার তদন্ত

রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১২ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে লাইসেন্স পায় ফারমার্স ব্যাংক। তবে মাত্র চার বছরের মধ্যেই ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনায় ব্যাংকটি ধসে পড়ে। ২০১৭ সালের নভেম্বরে চেয়ারম্যানের পদ ছাড়েন মহীউদ্দীন খান আলমগীর, আর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিজ সরাফত।


নাফিজের নেতৃত্বে ব্যাংকটির অবস্থা আরও করুণ হয়ে পড়ে। খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৬২ শতাংশে। বিদেশি বিনিয়োগ আনার আশ্বাসে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নীতিগত ছাড় দিলেও তা কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০১৯ সালে ব্যাংকটির নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক, যেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি প্রতিষ্ঠান ৭১৫ কোটি টাকা বিনিয়োগ করে ৬৫ শতাংশ শেয়ার গ্রহণ করে।


২০২৪ সালের জানুয়ারিতে নাফিজ সরাফত পদ্মা ব্যাংক থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ, “স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট” নামের প্রতিষ্ঠানের আড়ালে ব্যাংক থেকে কয়েকশ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ফরেনসিক অডিটে উঠে এসেছে ভুয়া ঋণ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য।


দুই বিদেশি অডিট ফার্মের প্রতিবেদনে দেখা যায়, নাফিজ ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর ৮৪ জন ভুয়া কর্মকর্তা নিয়োগ দেন, যাদের কেউই প্রকৃতপক্ষে ব্যাংকে কাজ করতেন না। তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ৩৪৮ কোটি টাকার ঋণ তোলা হয়, যা সরাসরি আত্মসাৎ করেন নাফিজ।


এছাড়া “অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অব বাংলাদেশ” নামে এক তহবিলের মাধ্যমে পদ্মা ব্যাংক থেকে ২০০ কোটির বেশি টাকা স্থানান্তরের তথ্যও অডিটে উঠে এসেছে। এসব অর্থ পরবর্তীতে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (SEML) নামের প্রতিষ্ঠানে সরানো হয়, যার মালিক নাফিজের স্ত্রী আঞ্জুমান আরা সাহিদ। সেখান থেকে অর্থ স্থানান্তর করা হয় স্ট্র্যাটেজিক ফাইন্যান্স ইনভেস্টমেন্টস লিমিটেড (SFIL) নামে নতুন একটি নন-ব্যাংক ফাইন্যান্স কোম্পানিতে, যেখানে নাফিজের স্ত্রী ও ছেলে রাহিব সাফওয়ান সরাফত চৌধুরী শেয়ারহোল্ডার।


এসএফআইএল প্রতিষ্ঠার সময় নাফিজ দাবি করেছিলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের দুটি বিদেশি সংস্থা ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে—যা তদন্তে ভুয়া প্রমাণিত হয়। অনুসন্ধানে জানা যায়, ওই কোম্পানিগুলোর কোনো অস্তিত্ব নেই এবং তথাকথিত বিদেশি বিনিয়োগকারীরাও নাফিজের ঘনিষ্ঠজন।


২০০১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করা নাফিজ ২০০৯ সালে ফারমার্স ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হন এবং ২০১৫ সালে অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকেই তিনি ব্যাংকের তহবিল নিজের বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে স্থানান্তর করতে থাকেন, যার ফলে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে এবং ২০১৭ সালের মধ্যে প্রায় দেউলিয়া হয়ে যায়।


দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ ব্যাংক ১৯ জন পরিচালককে অপসারণ করলেও নাফিজ সরাফতকে চেয়ারম্যানের দায়িত্বে বহাল রাখে। ব্যাংক দেউলিয়া অবস্থায় পৌঁছালে তিনি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেন।


পরবর্তীতে নাফিজের নজর পড়ে সাউথইস্ট ব্যাংকের দিকে। কৌশলে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানদের সরিয়ে নিজের স্ত্রী আঞ্জুমান আরা সাহিদকে পরিচালক পদে বসান।


ছাত্রজনতার আন্দোলনের পর সরকার পরিবর্তনের পর দুদক, বিএফআইইউ, সিআইডি ও বিএসইসি—মোট চারটি সংস্থা নাফিজ সরাফতের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তদন্ত শুরু করে। ২০২৪ সালের আগস্টে তার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়।


দুদকের তদন্তে প্রাথমিকভাবে ৫২টি কোম্পানিতে নাফিজ ও তার পরিবারের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “নাফিজ যেখানেই সুযোগ পেয়েছেন, নাম-বেনামে কোম্পানি গঠন করে শেয়ার নিয়েছেন—কখনও অর্থের বিনিময়ে, কখনও ভয়ভীতি দেখিয়ে।”


সূত্র: বাংলাদেশ প্রতিদিন