সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান, যেখানে প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করেন। কোর্টে সংরক্ষিত রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলাসহ কয়েক লাখ মামলার নথি।
সম্প্রতি দেখা গেছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশ ফটকসংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছে, যা আদালত ও ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং জাতীয় ঈদগাহ মাঠ এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।