বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিদেশ পরিবর্তনের সময় এসেছে: মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

দেশ পরিবর্তনের সময় এসেছে: মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

favicon
অনলাইন সংস্করণ
দেশ পরিবর্তনের সময় এসেছে: মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করতে হবে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, এখন সময় এসেছে বাংলাদেশকে পরিবর্তন করার। তরুণরাই দেশের ভবিষ্যৎ পরিবর্তনের মূল চালিকাশক্তি।


সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মীর স্নিগ্ধ বলেন, “তারেক রহমান তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসছেন। কিভাবে তরুণদের নেতৃত্বে দেশকে পরিবর্তন করা যায়, সে বিষয়ে তার বিশাল কর্মপরিকল্পনা রয়েছে। যদি তা বাস্তবায়িত হয়, তবে শহীদদের স্বপ্নের দেশ গড়ে তোলা সম্ভব।”


তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই বিএনপির মূলভিত্তি। “সব নেতাকর্মীকে সেই আদর্শে দৃঢ় থাকতে হবে। নতুন ও বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”


ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের কথা উল্লেখ করে স্নিগ্ধ বলেন, “গত ১৭ বছরে জনগণ নিপীড়নের শিকার হয়েছে, আর বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী। জুলাইয়ের গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে—তাদের রক্তের বদলা ফ্যাসিস্ট পতনের মাধ্যমেই নিতে হবে।”


সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।