শেখ হাসিনা ভারত গেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে মৃত—নুরুল হক নুরের মন্তব্য
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছেন। তার মতে, আগামী ৫০ বছরেও দলটি রাজনীতিতে ফিরে আসতে পারবে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের “রাজনৈতিক পরিসমাপ্তি” ঘটবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর এসব মন্তব্য করেন। লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তাও দেন।
নুর লেখেন, “দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো— বিদেশে নিরাপদে থাকা নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের জীবন ও পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না। গ্রেপ্তার বা গণধোলাইয়ের শিকার হলে কেউ পাশে দাঁড়াবে না।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা অতীতের মতো সহিংসতা বা উৎপাত করলে নিজেদেরই বিপদে পড়তে হবে। “বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দল হিসেবে যেভাবে নির্যাতনের শিকার হয়েছি, তার তুলনায় আপনারা এখনো অনেক ভালো আছেন। চুপ থাকলে ভালো থাকবেন, উৎপাত করলে বিপদে পড়বেন।”
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে নুরুল হক নুর লেখেন, “৭৫-এ শেখ মুজিবের পর ২০২৪-এ তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছেন। দলটি এখন রাজনৈতিকভাবে মৃত। বিচারিক প্রক্রিয়ায় এর দাফন-কাফন সম্পন্ন হবে।”
তিনি শেষ অংশে লেখেন, “এখন সময় নতুন বাংলাদেশের। আমরা এমন এক দেশ গড়তে চাই যেখানে থাকবে না ফ্যাসিবাদের ছায়া, থাকবে গণতন্ত্র, দেশপ্রেম ও সততার রাজনীতি।”