বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › সিলেট টেস্টে বাংলাদেশের ফিল্ডিং বিপর্যয়, টানা তিন ওভারে তিন ক্যাচ মিস

সিলেট টেস্টে বাংলাদেশের ফিল্ডিং বিপর্যয়, টানা তিন ওভারে তিন ক্যাচ মিস

favicon
অনলাইন সংস্করণ
সিলেট টেস্টে বাংলাদেশের ফিল্ডিং বিপর্যয়, টানা তিন ওভারে তিন ক্যাচ মিস

সিলেট টেস্টের প্রথম দিন সকালেই ফিল্ডিংয়ে নেমে একের পর এক ভুলে বিপাকে পড়েছে বাংলাদেশ দল। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামার পর টানা তিন ওভারে তিনটি ক্যাচ মিস করেছে স্বাগতিকরা।


নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। ডাইভ দিয়ে চেষ্টা করেও বলটি হাতে রাখতে পারেননি তিনি।


এর পরের ওভারেই (পঞ্চম) হাসান মাহমুদের বলে পুল শট খেলেন অভিষিক্ত কেড কারমাইকেল, স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম সহজ সুযোগটি নষ্ট করেন।


ষষ্ঠ ওভারে আবারও হতাশা—নাহিদ রানার করা ওভারের দ্বিতীয় বলে গালিতে পল স্টার্লিংয়ের ক্যাচ ফেলেন মেহেদী হাসান মিরাজ। ক্যাচ ধরতে গিয়ে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আগের ওভারে ক্যাচ মিস করা তাইজুল ইসলামও এরপর মাঠের বাইরে চলে যান। বদলি ফিল্ডার হিসেবে অন্যরা দায়িত্ব নেন।


এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারিতে এলবিডব্লু হন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি (০)। রিভিউ নিলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।


প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪৪ রান, হাতে আছে ৯ উইকেট। ক্রিজে আছেন পল স্টার্লিং (২১*) এবং কেড কারমাইকেল (১৭*)।